বিএসএফ সদস্যকে ধরে বিজিবিকে দিল গ্রামবাসী
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সশস্ত্র এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর কাছ থেকে ভারতে তৈরি একটি সাব-মেশিনগান (এসএমজি), ২০টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিএসএফের আটক ওই সদস্যের নাম এ সরেঙ (২৮)। গতকাল সকাল আটটার দিকে ভারতের ৯২ মহাখোলা বিএসএফ ক্যাম্পের ওই সদস্য সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের দুই কিলোমিটার ভেতরে ঢুকে পড়লে গ্রামবাসী তাঁকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ মহাখোলা ক্যাম্পের সদস্যরা তাঁদের সহকর্মীকে ছাড়িয়ে নিতে মুন্সীপুর গ্রামে অনুপ্রবেশ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএসএফের সদস্য সরেঙ প্রথম আলোকে জানান, মহাখোলা গ্রামের চিহ্নিত চোরাকারবারি কুদ্দুসকে ধরতে সকালে সাইকেল নিয়ে ধাওয়া করতে করতে তিনি বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েন। মুন্সীপুর দক্ষিণপাড়া গ্রামের মো. ইউনুস আলী জানান, সকাল আটটার দিকে এক ভারতীয় নাগরিক এবং বিএসএফের ওই সদস্য দুটি সাইকেলে চড়ে তাঁর বাড়িতে ঢুকে পড়েন। এরপর ভারতীয় ওই নাগরিক সাইকেল ফেলে পালিয়ে যান। এরপর বিএসএফের ওই সদস্য চলে যেতে চাইলে এলাকাবাসী তাঁকে ধরে বিজিবির মুন্সীপুর সীমান্ত ফাঁড়িতে হস্তান্তর করে। স্থানীয় জিয়ারুল ইসলাম (২৬) জানান, বিএসএফের সদস্য সরেঙকে আটকের খবর পেয়ে ২০-২৫ জন বিএসএফ সদস্য শূন্যরেখা অতিক্রম করে মুন্সীপুর দক্ষিণপাড়ায় আসেন। এ সময় আতঙ্কে গ্রামবাসী এদিক-ওদিক পালাতে থাকে।