
ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। অমিয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল।এ রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেছেন, ‘আমি এ রায়ে সংক্ষুব্ধ। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, ন্যায়বিচারের স্বার্থে তারা যেন আন্তর্জাতিক আদালতে যায়।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। অমিয় দোষ স্বীকারও করলেন। এখন তাঁকে নির্দোষ ঘোষণা করা হলো। এ কেমন রায়?’তবে রায় সম্পর্কে বিএসএফের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। রায়ের পরে মুক্তি দেওয়া হয়েছে অমিয় ঘোষকে। রায়টি চূড়ান্ত অনুমোদনের জন্য দিল্লিতে বিএসএফের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। মহাপরিচালকের অনুমোদন পাওয়ার পর রায়ের কপি বাংলাদেশ সরকার ও ফেলানীর বাবাকে দেওয়া হবে।সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাঁদের বিচার শেষ করেছেন গত বৃহস্পতিবার। কঠোর গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে গত ১৩ আগস্ট থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের প্রায় ১০ কিলোমিটার দূরে সোনারীতে বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের সদর দপ্তরে ওই বিচারকাজ শুরু হয়েছিল। গত ১৯ আগস্ট ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা আবদুল হানিফ সাক্ষ্য দেন। সাক্ষ্য দেওয়ার সময় চোখের সামনে মেয়েকে হত্যার মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দেন নুরুল ইসলাম।মোট পাঁচজন বিচারক গোটা বিচার-প্রক্রিয়া পরিচালনা করেন। আর আদালত পরিচালনা করেন বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডিআইজি কমিউনিকেশনস সি পি ত্রিবেদী। ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি তার বাবার সঙ্গে নয়াদিল্ল্লি থেকে বাড়ি ফিরছিল। কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তারা দালালকে টাকা দিয়ে বাঁশের মইয়ের সাহায্যে ওই দিন ভোরে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হচ্ছিল। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে সক্ষম হলেও ফেলানী পারেনি। সে বিএসএফের গুলিতে নিহত হয়। তার লাশ প্রায় পাঁচ ঘণ্টা কাঁটাতারের বেড়ার ওপরই ঝুলে ছিল। এ ঘটনার পর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কড়া প্রতিবাদ ওঠে দেশ-বিদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে। এর পরই বিএসএফ ফেলানী হত্যার মামলা দায়ের করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়ে বিচারকেরা জানিয়েছেন, ফেলানী হত্যাকারী হিসেবে অভিযুক্ত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ নির্দোষ। কারণ, ফেলানীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালাননি তিনি।
বিবিসিকে ফেলানীর বাবা: বিএসএফ সদস্যের মুক্তির এই রায় মানতে নারাজ ফেলানীর বাবা নুরুল ইসলাম। তাঁর মেয়ের হত্যার সঠিক বিচার যেন হয়, সেই দায়িত্ব নিতে তিনি বাংলাদেশ সরকারের কাছে আরজি জানাতে চান। রায় ঘোষণার পর গতকাল শুক্রবার কুড়িগ্রামের দক্ষিণ নামখানা থেকে টেলিফোনে বিবিসি বাংলাকে এ কথা বলেন ফেলানীর বাবা। নুরুল ইসলাম বলেন, ‘অন্যায়ভাবে করা এই বিচার আমি মানব না। বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আন্তর্জাতিক আদালতে নিয়ে তারা যেন সঠিক বিচার করে দেয়।’
মাসুম বলল বিচারের নামে প্রহসন: অমিয় ঘোষ নির্দোষ প্রমাণিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কলকাতার মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম। গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে সংগঠনের প্রধান কিরীটী রায় বলেন, ন্যায়বিচার হয়নি। বিচারের নামে প্রহসন হয়েছে। তিনি বলেন, ফেলানীর বাবা চাইলে তাঁরা এই রায়ের বিরুদ্ধে ভারতের উচ্চ আদালতে আপিল করতে চান। তাঁরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে লড়তে রাজি। কিরীটী রায় প্রশ্ন করে বলেন, ‘কেন ওপেন কোর্টে বিচার হলো না? আমরা আগেই আশঙ্কা করেছিলাম, বিএসএফের বিশেষ আদালতে বিচার পাওয়া যাবে না।’