বিএসএফ সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের ছবি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে হত্যাকাণ্ড ও চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চত্বরে ওই বৈঠক বেলা ১১টার দিকে শুরু হয়ে দেড়টা পর্যন্ত চলে। এতে বিএসএফের মালদা সেক্টরের চারটি ব্যাটালিয়ন ও বিজিবির রাজশাহী অঞ্চলের তিনটি ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসএফের পক্ষে ১২৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ডি এ বোস ও বিজিবির পক্ষে ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান মোহামঞ্চদ শামসুদ্দীন নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে প্রধান্য পায় গত শুক্রবার সোনামসজিদের শিয়ালমারা সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি। ওই দিন সকালে কয়েকজন বিএসএফ সদস্য সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশর ৫০ গজ ভেতরে ঢুকে দুটি সাইকেল নিয়ে যান। এ ঘটনার প্রমাণ হিসেবে কিছু ছবি বিএসএফকে দেওয়া হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তাদের জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মিজানুর রহমান আরও জানান, সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়। চলতি মাসে শিবগঞ্জ সীমান্তে তিনটি ঘটনায় দুজন নিহত ও একজন আহত হওয়ার কড়া প্রতিবাদ জানানো হয়। তবে বিএসএফ একটি ঘটনার সত্যতা স্বীকার করে। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে বলা হয়, পণ্য চোরাচালানের জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনা বেড়েছে।