বিএসএফ সদস্যের ফাঁসি চাইলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেলানীর হত্যাকারী বিএসএফের সদস্য অমিয় ঘোষের ফাঁসি চাই।’ এ কথাগুলো কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর মা জাহানারা বেগমের। গতকাল মঙ্গলবার ফেলানীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রথম আলোকে এসব কথা বলেন।
কিশোরী ফেলানী বাবা নূর ইসলামের সঙ্গে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হয়।
ফেলানীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে পারিবারিকভাবে মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ফেলানীর বাবা নূর ইসলাম জানান, এখন আর কেউ ফেলানীর খোঁজখবরে আসে না। অন্যান্য বছর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ নিলেও এ বছর কেউ পাশে দাঁড়ায়নি। ফলে তাঁদের সামর্থ্যের ওপর বিবেচনা করে মিলাদ ও গরিব মানুষকে খাওয়াচ্ছেন।
নূর ইসলাম আরও জানান, ভারতীয় বিচারিক কর্তৃপক্ষ ফেলানী হত্যার রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি আশ্বস্ত। তাঁর আশা, ভারতীয় আদালতে তাঁর মেয়ে সুবিচার পাবে।
গতকাল সকালে কুয়াশা ভেদ করে ফেলানীর বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের ছায়া। তিন বছর পরও সন্তান হারানোর ব্যথা ভুলতে পারেননি মা-বাবা। মা জাহানারা বেগম চোখের পানি ফেলে বলেন, ‘আশা করছিলাম, সরকার আমার ফেলানীর হত্যার ন্যায্য বিচারডা কইর‌্যা দিবে। ন্যায্য বিচারডা পাইলে মাইয়াডার আত্মা শান্তি পাইব। কিন্তু কোনো কিছুই তো পাইতাছি না।’
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছরের ফেলানী কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর দীর্ঘক্ষণ ঝুলে থাকা ফেলানীর লাশ নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে। মানবাধিকার সংগঠনগুলো ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ বাদী হয়ে তাদেরই এক সদস্য অমিয় ঘোষকে আসামি করে মামলা করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত।
কোচবিহারের সোনারীতে বিএসএফের উদ্যোগে গঠিত বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। গত ১৯ আগস্ট আদালতে ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা আবদুল হানিফ সাক্ষ্য দেন। কিন্তু আদালত রায়ে অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। এর প্রতিবাদে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়ে ওঠে। আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। এর পরই ভারতীয় সরকার ফেলানী হত্যার রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়।