বিএসএফকে সতর্ক করে দিল ভারতের মানবাধিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কমিশনের প্রধান কে জি বালাকৃষ্ণান বলেন, মাঝেমধ্যেই তাদের কাছে বিএসএফের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসছে।গতকাল শুক্রবার কলকাতায় এক কর্মশালায় বালাকৃষ্ণান এসব কথা বলেন। বিএসএফ সদস্যদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।গতকাল রাতে বিবিসির খবরে বলা হয়, বিএসএফের বিরুদ্ধে বড় মাপের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ সম্প্রতি প্রকাশিত হয়েছে। ভারতের মানবাধিকার কমিশন বলেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ মাঝেমধ্যেই পাওয়া যাচ্ছে। বিচারপতি বালাকৃষ্ণান বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি মর্যাদা দিয়ে বিএসএফকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে হবে। কর্মশালায় অন্যান্যের মধ্যে ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি জে প্রসাদ। তিনি বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, বিএসএফের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। মানবাধিকার লঙ্ঘন বন্ধ করলেই স্থানীয় মানুষের সম্মান অর্জন করতে পারবে বিএসএফ। এ বিষয়ে বিএসএফ সদস্যদের সচেতন করা দরকার। কর্মশালায় বিভিন্ন বিষয়ের সঙ্গে সংঘর্ষে মৃত্যুর মতো বিষয় নিয়েও আলোচনা হয়। কমিশন চেয়ারম্যান ভারতের সুপ্রিম কোর্টের নিয়মাবলি বিএসএফ সদস্যদের আবার স্মরণ করিয়ে দেন। কর্মশালায় বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে কাজ করতে গিয়ে কখনো কখনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে স্বীকার করে নিয়েছে। আর সেগুলো বন্ধ করতে এ ধরনের কর্মশালার প্রয়োজন। জে প্রসাদ বলেন, মানবাধিকার আইন মেনে চলতেই হবে। সীমান্ত এলাকায় বসবাস করা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তিনি দাবি করেন, বাংলাদেশ সীমান্তে কাজ করতে গিয়ে তাদের কখনো কখনো চোরাকারবারিদের হামলা মোকাবিলা করতে হচ্ছে। তখন আত্মরক্ষার্থে কখনো কখনো গুলিও চালাতে হয়। তাতে তাদের বাহিনীর সদস্যদেরও প্রাণহানি হয়।