বিএসএফের অস্ত্র প্রয়োগ বন্ধে জাতিসংঘে নালিশ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। বিএসএফের অস্ত্র প্রয়োগ বন্ধে প্রয়োজনে আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ করব। এ বিষয়ে আমরা ইতিমধ্যে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি।’গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে মানবাধিকার-বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।গত মঙ্গলবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএসএফের প্রধান ইউ কে বনশল। মিজানুর রহমান বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসবেন। এই সফর আমাদের জন্য কী ইতিবাচক ফল বয়ে আনে, আমরা তার অপেক্ষায় আছি।’ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান কাজী এরতেজা হাসান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খান প্রমুখ। আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়ার আটটি উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।