ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম ফের শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এই বিচার শুরু হয় বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জাকির হোসেন।
কুড়িগ্রাম জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও ফেলানী হত্যা মামলায় বিজিবিকে সহায়তাকারী আইনজীবী আব্রাহাম লিংকন জানান, তিন মাস পাঁচ দিন মুলতবির পর বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম শুরু হলো। এর আগে চার মাস মুলতবি থাকার পর গত ২৫ মার্চ পুনর্বিচার শুরু হলেও বিএসএফের পক্ষের কৌঁসুলি অসুস্থ থাকায় বিচারিক কার্যক্রম মুলতবি করেন আদালত।
দীর্ঘদিন পর হলেও ফেলানী হত্যার ন্যায়বিচার পাওয়ার আশা করছে ফেলানীর পরিবার। তার বাবা নুরুল ইসলাম অভিযোগ করেন, বিএসএফ ইচ্ছে করে এই বিচার ঝুলিয়ে রেখেছে। তিনি যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, ‘আশা করি ন্যায়বিচার পাব।’ ফেলানীর মা জাহানারা বেগম বলেন, ‘মেয়েকে তো আর ফিরে পাব না। তাই সুবিচার চাই।’
কৌঁসুলি আব্রাহাম লিংকন বলেন, ‘পুনর্বিচার শুরু হওয়ায় ন্যায়বিচারের আশা করছি। আশা করছি, এই সেশনে বিচারকাজ শেষ করে সঠিক রায় ঘোষণা করা হবে।’
২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ফেলানী। লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায়। এ হত্যাকাণ্ডের ছবি ও খবর দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ২০১৩ সালের ১৩ আগস্ট কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর গুলিবর্ষণকারী বিএসএফের সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন ওই আদালত। পরে বিজিবি-বিএসএফের বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারের সিদ্ধান্ত হয়। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলেও তা একাধিকবার মুলতবি হয়।
আরও পড়ুন