ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর। গতকাল মঙ্গলবার ভারতের মুর্শিদাবাদ জেলার চর রেনুকা ক্যাম্পে বৈঠক শেষে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদপত্র বিএসএফকে দেওয়া হয়।বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল ফজলুল হক। এ সময় রাজশাহী ৩৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বহরমপুর সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট আর সি ধনি। জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, বৈঠকে হাবিবুরকে নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএসএফের আরও নির্মম নির্যাতনের বিষয়ও তুলে ধরা হয়, যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এ ছাড়া গবাদিপশু চোরাচালানের ক্ষেত্রে বাংলাদেশিদের একতরফাভাবে দায়ী না করার বিষয়টিও তুলে ধরা হয়। এসব নির্যাতনের বিষয়ে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।হাবিবুরের নির্যাতনের বিষয়ে বিজিবির উচ্চপর্যায় থেকে আগেই প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনাটি রাজশাহী সেক্টরের সীমান্তসংলগ্ন হওয়ায় এই সেক্টরের পক্ষ থেকে আড়াই মাস পর আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হলো।রাজশাহীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া সীমান্তে বিএসএফের জওয়ানেরা গত ৯ ও ১০ ডিসেম্বর হাবিবুরের হাত-পা বেঁধে বিবস্ত্র করে তাঁকে রাইফেলের বাঁট ও লাঠি দিয়ে নির্মমভাবে পেটান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের হাবিবুর রহমানকে পেটানোর ভিডিওচিত্র ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।