বিএসএফের কাছে মিষ্টি পাঠাল বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে মিষ্টি পাঠিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের নিদর্শন হিসেবে ওই মিষ্টি পাঠানো হয়। মিষ্টি পেয়ে বিজিবিকে অভিনন্দন জানিয়েছে বিএসএফ।
গতকাল সকালে ১৮ বিজিবির কোম্পানি কমান্ডারদের মাধ্যমে বিএসএফের উত্তরাঞ্চল ফ্রন্টের আইজি, শিলিগুড়ি ও কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি এবং পাঁচটি ব্যাটালিয়নের অধিনায়কদের কাছে মিষ্টি পাঠানো হয়। এ ছাড়া প্রতিটি সীমান্ত ফাঁড়িতেও মিষ্টি পাঠানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গতকাল মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফের কাছে মিষ্টি পাঠানো হয়েছে। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের নিদর্শন হিসেবে মিষ্টি পাঠানো হয়। বিএসএফের কর্মকর্তারা মিষ্টি পেয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।