বিএসএফের ক্যাম্পে বাংলাদেশি যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার মোহনপুরে আত্রাই নদীর ভারতীয় সীমানা থেকে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করে বিএসএফের সদস্যরা তাঁদের ক্যাম্পে নিয়ে গেছেন।

দিনাজপুর বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সাদেকুল ইসলাম (২০)। তিনি দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মোহনপুর সীমান্তের বনতাড়া গ্রামের কৃষক মোকসেদুল ইসলামের ছেলে। সাদেকুল কীভাবে মারা গেছে তা জানা যায়নি। বিএসএফ বিজিবিকে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ভারতের রসুলপুর ও কামদেবপুর বিএসএফ ক্যাম্পের মাঝামাঝি স্থানে কান্দুয়াপাড়া গ্রামে আত্রাই নদীতে বিএসএফ সদস্যরা লাশটি দেখতে পায়। পরে তাঁরা সেটি উদ্ধার করে রসুলপুর ক্যাম্পে নিয়ে যান।

বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার মেজর হাসিবুল হোসেন প্রথম আলোকে বলেন, আজ বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক হয়। বৈঠকে জানানো হয়, ভারতে ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় লাশটি বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এ সময় বিজিবির পক্ষ থেকে লাশের সঙ্গে সুরতহাল প্রতিবেদনও দাবি করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিজিবির কাছে লাশটি হস্তান্তর করা হয়নি।