বিএসএফের গুলি ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজাদ হোসেন (৩২) নামের একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরগঙ্গা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গরু ব্যবসায়ী নূর হোসেন (৩৫)। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে নিহত আজাদের বাড়ি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজাদ রাত ১২টার দিকে বারাদী সীমান্তের ৮১ ও ৮২ নম্বর মেইন পিলারের মাঝামাঝি পথ দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় বিজয়পুর ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়েন। এতে আজাদ নিহত হন। ৩৫ রাইফেল ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভারত সীমান্তের দেড় থেকে দুই কিলোমিটার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নূর হোসেন ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।’