বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএসএফের গুলিতে আহত লাল্টু মণ্ডল (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী গত রোববার মারা গেছেন। লাল্টু উপজেলার লেবুতলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। লেবুতলা গ্রামের আবু জাফর জানান, লাল্টু পেশায় একজন গরু ব্যবসায়ী। শনিবার তিনি ও তাঁর সহযোগী জাহিদ হোসেন ভারত সীমান্তে গিয়েছিলেন সেখানকার ব্যবসায়ীদের মাধ্যমে গরু কিনতে। গরু কিনতে না পেরে রোববার ভোরে তাঁরা বাড়ি ফিরছিলেন। এমন সময় বাংলাদেশ অভ্যন্তরে জলুলী বিজিবি ক্যাম্পের আওতায় ৫২ নং মেইন পিলারের কাছে বিএসএফ লালটু ও জাহিদকে গুলি করে। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে লাল্টু মারা যান। বিজিবির যাদবপুর কোম্পানি কমান্ডার জয়নাল আবেদীন জানান, তাঁরা এখনো লাশ দেখেননি। তবে শুনেছেন একজন মারা গেছেন।লাল্টুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন।