বিএসএফের গুলিতে কুড়িগ্রামে চার বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, রৌমারীর নওদাপাড়া গ্রামের ১০-১২ জনের একটি দল গতকাল ভোরে ভারত থেকে আসা গরু আনতে যায়। এ সময় ভারতের কুচনিমারী বিএসএফ ক্যাম্পের জোয়ানেরা দলটিকে লক্ষ্য করে গুলি ছেড়েন। এতে ঘটনাস্থলে আহত হন সাজু মিয়া (১৮), রোকন উদ্দিন (২২), বাবলু মিয়া (২০) ও মানিক (১৭)। আইনি জটিলতা এড়াতে সঙ্গীরা তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ রোকনের বাবা রেজাউল করিম স্বীকার করে বলেন, তাঁর ছেলে বিএসএফের গুলিতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এর বেশি জানাতে রাজি হননি।
এ ঘটনায় বিজিবির বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, ঘটনা জানার পর থেকে ওই সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।