বিএসএফের গুলিতে ঝিনাইদহে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আনোয়ারুল ইসলাম (৩৩) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার যাদবপুর সীমান্তে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। আনোয়ারুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এলাকাবাসী জানায়, আনোয়ারুল ভারতের গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিনে এ দেশে বিক্রি করতেন। শুক্রবার রাতে ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিনে আনোয়ারুলসহ বেশ কয়েকজন যাদবপুর সীমান্তের কানাইপুর দিয়ে বাড়ি ফিরছিলেন। গতকাল ভোর চারটার দিকে জিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ করে গুলি চালান। এতে আনোয়ারুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্যরা তাঁর লাশ নিয়ে ফিরে আসেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যাদবপুর ক্যাম্পের কমান্ডার শের আলী জানান, তাঁরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। ঘটনাটি দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।