বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
ঠাকুরগাঁও ও লালমনিরহাটে দুই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে বিএসএফের গুলিতে শামীম হোসেন (২৩) নামের এক বাংলাদেশি আহত হন। তাঁর বাড়ি উপজেলার বুড়িমারী ইউনিয়নের মঙ্গলিবাড়ী গ্রামে। আগের দিন বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হন। তাঁরা হলেন উপজেলার জিয়াবাড়ী মোড়লহাট গ্রামের দাইমুল হক (২৭ ) ও পশিরুল ইসলাম (২৫)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে বুড়িমারী ইউনিয়নের মঙ্গলিবাড়ী সীমান্তে ১০-১২ জন গরু ব্যবসায়ী ভারতের আমবাড়ী গ্রামে যান। গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে শামীম আহত হন। এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দাইমুল ও পশিরুল গুলিবিদ্ধ হন।