বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত হওয়া ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান মোল্লা ও সিদ্দিকুর রহমান।
জিয়ার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী ছয়ঘরিয়া গ্রাম। বাবার নাম আতিয়ার রহমান মোল্লা। তাঁকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের বিস্তারিত পরিচয় ও সর্বশেষ অবস্থা জানা যায়নি।
কুশখালী ইউপির চেয়ারম্যান আবু রায়হান বলেন, কয়েকজন ব্যক্তি (রাখাল) গতকাল শনিবার কুশখালী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান। আজ ভোর সাড়ে চারটার দিকে তাঁরা গরু নিয়ে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের বশিরহাট মহকুমার খলিশা সীমান্তে আসেন। এ সময় খলিশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দুজন গুলিবিদ্ধ হন। পরে অন্যদের সহযোগিতায় তাঁরা বাংলাদেশে আসেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি বলেন, ‘দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’