বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
রৌমারী সীমান্তের গয়টাপাড়া এলাকায় নিহত হয়েছেন লাল মিয়া (২৫)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাঁতভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার আবদুল আজিজ বলেন, গতকাল ভোরে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান লাল মিয়া। গরু নিয়ে ফেরার পথে ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরু পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লাল মিয়া গুলিবিদ্ধ হয়ে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করে বাড়ির কাছাকাছি এসে মারা যান। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন মোল্লার চর বিজিবি ক্যাম্পে খবর দেন। লাল মিয়া উপজেলার ফকিরপাড় গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
গুলি করে বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ তাতে সাড়া দেয়নি। এলাকায় টহল জোড়দার করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
জামালপুর বিজিবির ৩৫-ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান বলেন, বিএসএফের গুলিতে লাল মিয়ার মৃত্যু হয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে তাঁর লাশ পাওয়া গেছে। গুলি করে হত্যার বিষয়ে বিএসএফের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে গতকাল ভোরে বিএসএফের গুলিতে জসিম উদ্দিন (২৭) নামে আরেক বাংলাদেশি নিহত হন। তিনি চুয়াডাঙ্গার বেগমপুর গ্রামের দাউদ হোসেন মণ্ডলের ছেলে। ভারতের নদিয়া জেলার হাসখালী থানার হাজরাখালী বিএসএফ ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, ভোরের দিকে জসিমসহ কয়েক ব্যক্তি গরু আনার জন্য ভারতে যান। এ সময় বিএসএফ তাঁদের গুলি করে। এতে ঘটনাস্থলেই জসিম মারা যান। তাঁর লাশ ভারতের হাসখালী থানায় হস্তান্তর করেছে বিএসএফ। তবে লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিয়েছে বিজিবি। তিনি আরও বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।