লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কালীরহাট সীমান্তে গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গিগ্রামের রাজু মিয়া (১৮) ও কাউয়ামারী গ্রামের জাফর আলী (২৫)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের কালীরহাট সীমান্তে ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের ডাউয়াডাবরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা রাজু ও জাফরসহ বাংলাদেশি ৮-১০ জনকে লক্ষ্য করে গুলি চালান। এতে রাজুর বাঁ হাতে ও জাফরের ডান হাতে গুলি লাগে। এ সময় অন্যরা এ দুজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা গরু ব্যবসায়ী বলে বিজিবির সদস্যরা জানান। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার খাদেমুল ইসলাম দুজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।