বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দেওয়া হয়েছে। দুই দফা পতাকা বৈঠক শেষে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভারতের কুতুবপুর সীমান্ত ফাঁড়ির চার নম্বর গেট দিয়ে বিজিবি ও পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ। গত শুক্রবার ভোরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে গরু আনার সময় ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের গনিপুর গুচ্ছগ্রামের মো. দেলোয়ার হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে। লাশ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ইন্সপেক্টর সুরজিৎ সিংহ ও কুমারগঞ্জ থানার এসআই উদয় দে। বাংলাদেশের পক্ষে ছিলেন রুদ্রানী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার ফরিদউদ্দিন, জলপাইতলী সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবদুল মান্নান, ফুলবাড়ী থানার এসআই আবদুল হাকিম প্রমুখ।