বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত গরু ব্যবসায়ী আজিজুল ইসলামের (৩০) লাশ হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত বুধবার রাত ১০টায় তাঁর লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের হিলি আইসিপি বিওপির কমান্ডার আতাহার আলী জানান, আজিজুল ইসলামের লাশ হস্তান্তর করেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পরিদর্শক সুদিব কুমার সাহা। পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান লাশ গ্রহণ করেন। পরে লাশ আজিজুলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবির হিলি বিওপি কমান্ডার সুবেদার আতাহার আলী, কয়া বিওপি কমান্ডার সুবেদার শাহ্ আলম, বিএসএফের মথুরাপুর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর রাজেশ কুমার। মঙ্গলবার রাতে ভারত থেকে গরু আনতে গিয়ে ভারতের মথুরাপুর ক্যাম্প এলাকায় বিএসএফের গুলিতে আজিজুল নিহত হন। তিনি পাঁচবিবির দরিপাড়া গ্রামের তফমুদ্দীনের ছেলে।