বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
নওগাঁর সীমান্তবর্তী ধামইরহাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতেনিহত বাংলাদেশি যুবক গোলাপ হোসেনের (২৮) লাশ হস্তান্তর করা হয়েছে। জেলার শিমুলতলী চেকপোস্টে গত রোববার রাতে ভারতের পুলিশ লাশটি হস্তান্তর করে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী রেজা বলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার উপপরিদর্শক সুদীপ কুমার সাহা গোলাপের লাশ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে লাশটি গ্রহণ করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মসিউর রহমান।
ওসি মসিউর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ রোববার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিজিবি এর আগে জানায়, গত শনিবার রাতে ধামইরহাটের চকিলাম সীমান্ত এলাকা দিয়ে গোলাপসহ তিন-চারজন যুবক ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে মারা যান উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে গোলাপ।