বিএসএফের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিএসএফ লাশটি তাদের ক্যাম্পে নিয়ে গেছে।

আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি বাংলাদেশি। তাঁর নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি আমঝোল গ্রামে জয়নাল আবেদিনের ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহত ওই ব্যক্তি বাংলাদেশি কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। শফিকুল নামের যে ব্যক্তি নিহত হয়েছেন বলে বলা হচ্ছে, তাঁর পরিবারের সদস্যরা বিজিবিকে জানিয়েছেন, শফিকুল পাশের উপজেলায় গেছেন।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর উপপিলারের কাছ দিয়ে একটি বাংলাদেশি গরু পারাপারকারীর (রাখাল) দলের কয়েকজন সদস্য ভারতের কোচবিহার সীমান্তের পাগলামারী গ্রামে ভারতীয় গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে যান। তাঁরা গরু নিয়ে ভোরে আবারও ওই সীমান্ত দিয়ে ফেরত আসছিলেন। এ সময় ভারতের কুচবিহারের ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ধাওয়া করেন এবং কয়েকটি গুলি ছোড়েন। এ সময় রাখাল দলের অন্য সদস্যরা পালিয়ে এলেও বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে বিএসএফ লাশটি ক্যাম্পে নিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া বলেন, গরু নিয়ে ফেরার সময় বিএসএফের গুলিতে শফিকুল ঘটনাস্থলে মারা যান।

বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ওই সীমান্তে একজন মারা গেছেন। যেহেতু লাশটি ভারতের ভেতরে রয়েছে, সেহেতু নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। শফিকুল নামের যে ব্যক্তির কথা বলা হয়েছে, ওই ব্যক্তির পরিবারের লোকজন বিজিবিকে জানিয়েছেন, শফিকুল পাশের কালীগঞ্জে উপজেলায় গেছেন। বিএসএফ লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর লাশটি দেখে বোঝা যাবে, লাশটি বাংলাদেশি না ভারতীয়। তারপরও এ বিষয়ে কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।