বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে গত বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (২২) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। কামাল বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে কামাল মণ্ডুমালা সীমান্তের ৩৮৫ নম্বর মেইন পিলারের পাশে নাগর নদে মাছ ধরতে যান। তখন ভারতের ভেলাগাছি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩০ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর মো. তৌহিদ বলেন, গতকাল বৃহস্পতিবার পতাকা বৈঠকে গুলি ছোড়ার কথা বিএসএফ অস্বীকার করেছে।