বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহরাব হোসেন (২৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সোহরাবের সহযোগী আইনুল হক সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গীর দালাল বস্তি গ্রামের সোহরাব কয়েকজনকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তের ৩৭৮/৪ এস পিলার পেরিয়ে গরু আনতে যান। এ সময় বিএসএফের চাকলাগড় ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে সোহরাব কোমরে গুলিবিদ্ধ হন। রাত নয়টার দিকে সোহরাবকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহমান বলেন, সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।