বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পারভেজ হোসেন (২১) নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজের বাড়ি শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার গভীর রাতে পারভেজসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ফেরার পথে আজ ভোর পাঁচটার দিকে ৪০ বিএসএফের সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার ঝাউডাঙ্গা সীমান্তে পারভেজকে গুলি করে। সহযোগীরা গুরুতর আহত অবস্থায় পারভেজকে বাংলাদেশে আনে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির বেনাপোল ক্যাম্পে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান এবং ভারতের পক্ষে বিএসএফের ৪০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বারজেন ধর উপস্থিত ছিলেন।

বৈঠকের ব্যাপারে জানতে চাইলে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক প্রথম আলোকে বলেন, পতাকা বৈঠকে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ সদস্যরা সীমান্তে বাংলাদেশিদের ওপর আর গুলি চালাবে না বলে বিএসএফ ৪০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রতিশ্রুতি দিয়েছেন।