বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আরেকজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পারভেজ হোসেন (২১) নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন৷ গত রোববার ভোরে এ ঘটনা ঘটে৷ পারভেজ অগ্রভুলট গ্রামের সুজন মাস্টারের ছেলে৷
এদিকে গতকাল সোমবার ভোরে মেহেরপুরের মুজিবনগরের সোনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আলতাফ হোসেন (৩৭) নামের এক ব্যক্তি আহত হয়েছেন৷ তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে পারভেজসহ কয়েকজন ভারতে গরু আনতে যান৷ ফেরার পথে রোববার ভোর পাঁচটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার ঝাউডাঙ্গা সীমান্তে পৌঁছালে ৪০ বিএসএফের সদস্যরা গরুর ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি করেন৷ এ সময় পারভেজ গুলিবিদ্ধ হন৷ পারভেজের সহযোগীরা তঁাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন৷ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷ তাঁর বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থান গুলিবিদ্ধ হয়৷ এ ঘটনার পর ওই দিন দুপুর সাড়ে ১২টায় বিজিবির বেনাপোল ক্যাম্পে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকের ব্যাপারে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে৷
মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ভারত সীমান্তবর্তী সোনাপুর গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, গতকাল ভোরে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের ভারতী অংশে গরু জড়ো করা হয়৷ খবর পেয়ে আলতাফসহ সোনাপুর গ্রামের আরও কয়েকজন লোক সীমান্তের ১০৮ মেইন পিলারের কাছে গরু কিনতে যান৷ তখন বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন৷ তখন আলতাফ গুলিবিদ্ধ হন৷ গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ পরে সেখান থেকে তঁাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷
বিজিবির মুজিবনগরের েকাম্পানি কমান্ডার সুবেদার জমসেদ আলী বলেন, এ ঘটনার পর সীমান্তের ১০৯ নম্বর পিলারের কাছে বিএসএফের সঙ্গে বিিজবির পতাকা বৈঠক হয়েছে৷ বৈঠকে বিএসএফ গুলি ছোড়ার ঘটনা অস্বীকার করেছে৷