বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরুবাহক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গরুবাহক আহত হন। গতকাল শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।গতকাল বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলাসহ কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছে।নিহত রহমত আলীর (৩৫) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের কাজীপাড়ায়। আহত ব্যক্তিরা হলেন—একই উপজেলার ঘোনা গ্রামের বাবলু হোসেন (৩৬), বৈকারি গ্রামের শাহিন সরদার (৩২), বাঁশদাহ গ্রামের আবু সাঈদ (২২) ও শিয়ালডাঙ্গা গ্রামের মকবুল হোসেন ও কাউনডাঙ্গা গ্রামের বাহারুল ইসলাম।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে বৈকারি সীমান্ত দিয়ে ২৫-৩০ জনের একদল গরুবাহক ভারতে যান। গতকাল ভোরে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে জয়নগর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। খবরের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ভোমরা বিজিবি কোম্পানি ক্যাম্পের নায়েক সুবেদার মুনসুর হেলাল জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক গতকাল বেলা ১১টা থেকে ৫০ মিনিট ধরে অনুষ্ঠিত হয়েছে। এতে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি গরুর বাহকেরা তাঁদের ওপর হামলা চালালে তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাহ আলম ও ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুনসুর হেলালসহ নয়জন। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন জয়নগর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অজিত সিংসহ নয়জন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে নিহত রহমত আলীর লাশ গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।