বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে আজ সোমবার ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে জনি ইসলাম (৩০) নামের একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
হাটখোলা সীমান্তের ২৮১ মেইন পিলার থেকে ভারতের ১৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। জনি ইসলাম পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জয়পুরহাট বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, জনি ইসলাম আজ ভোর চারটার দিকে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতর ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জনি গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাঁকে ভারতের বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সকাল আটটার দিকে তিনি মারা যান।
আবদুর রাজ্জাক তরফদার জানান, আজ দুপুর ১২টায় হাটখোলা সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হবে। বৈঠক শেষে জনির মরদেহ হস্তান্তর করবে বিএসএফ সদস্যরা।