বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মহিবুর রহমান (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।
গুলিবিদ্ধ দুজন হলেন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সেলিম হোসেন মোক্তার এবং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামের নাজিম উদ্দিন। নাজিমকে আটক করেছে বিজিবি। সেলিম গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্র বলেছে, মহিবুর রহমান গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে। গত বৃহস্পতিবার রাত পৌনে চারটার দিকে সীমান্তের ৯১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজনের সঙ্গে ভারত থেকে গরু আনছিলেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের কোচবিহারের সাতভান্ডারিয়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মহিবুর নিহত হন। পরে সঙ্গীরা মহিবুরের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান।
এদিকে এ ঘটনায় আরেকজন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়ে গোড়ল ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বলেন, এই ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামের কসর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪০) আহত হয়েছেন বলে শুনেছেন তিনি।
একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মহিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।
সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঘোঙ্গাগাছ সীমান্তে ১০০ কোচবিহার বিএসএফ ব্যাটালিয়ন ও ১৫ লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়ন পর্যায়ে বিকেেল পতাকা বৈঠক হয়। এতে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। জবাবে বিএসএফ বলেছে, ৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে এ বিষয়ে বিজিবিকে জানাবে তারা।