বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেদার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলমের বাড়ি উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলার কুটি (খুঁটামারা) গ্রামে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, আজ বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০১৪-এর ৩ এস পিলার-সংলগ্ন তোর্ষা নদীর পাশে গরু আনতে যান জাহঙ্গীর। এ সময় ভারতের আসাম রাজ্যের খুটকামারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে। গুলি তাঁর বুকে লাগে। পরে আহত জাহাঙ্গীরকে তাঁর স্বজনেরা উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সায়েম জানান, নিহতের বুকে ও ডান বাহুতে গুলি লেগেছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তাঁর মৃত্যু হয়।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।