বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গতকাল সোমবার এক বাংলাদেশি নিহত হয়েছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের স্বরূপনগর থানার হাকিমপুরে এ ঘটনা ঘটে।নিহতের নাম কবীরুল ইসলাম (৩০)। তিনি উপজেলার বোয়ালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, কবীরুল ইসলামসহ কয়েকজন গরু আনার জন্য গত রোববার ভারতে যান। গতকাল ভোরে তাঁরা কয়েকজন গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে কবীরুল নিহত হন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাটের বদরতলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম বলেন, সীমান্ত থেকে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ইতিমধ্যে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পক্ষ থেকে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।