বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি পাথরশ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত অন্য একজন শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত শুক্রবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথর কোয়ারির শূন্যরেখার (জিরো লাইন) কাছে এ ঘটনা ঘটে। নিহত হওয়া শ্রমিকের নাম আশরাফুল ইসলাম (২৪)। তিনি ভোলাগঞ্জের বাঘারপাড় গ্রামের আহাদ আলীর ছেলে। আহত হয়েছেন পাড়ুয়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ইলিয়াস মিয়া (২৫)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে আশরাফুলের মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম সাংবাদিকদের বলেন, বাংলাদেশি পাথরশ্রমিকরা পাথর উত্তোলন করতে গিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করার ফলে এ ঘটনা ঘটেছে। তবে কার গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয় জনসাধারণ বিএসএফের গুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। অধিনায়ক আজম আরও জানান, এ নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে সাড়া মেলেনি।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, রাত সাড়ে ১০টার দিকে পাথর উত্তোলন করতে গেলে বিএসএফের সদস্যরা গুলি ছুড়েছেন বলে তাঁরা শুনেছেন। তাৎক্ষণিকভাবে পাথর কোয়ারিতে গিয়ে আশরাফুল ও ইলিয়াসকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত একটায় আশরাফুল মারা যান।