বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তের ওপারে গত বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. দেলোয়ার হোসেন (২৮) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার গনিপুর গুচ্ছগ্রামে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ফুলবাড়ী বিজিবির ৪০ জলপাইতলী বিওপি ক্যাম্পের ৩০৪/৭ আর পিলার এবং ভারতের ১২০ কুতুবপুর ক্যাম্পের মাঝামাঝি শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার দূরে ভারতের বাসন্তী নামক স্থানে দেলোয়ার নিহত হন। বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পচারমোড় এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে এই হত্যার প্রতিবাদ ও দেলোয়ারের লাশ ফেরত দেওয়ার দাবি জানানো হয়। বিএসএফ লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।দেলোয়ারের স্ত্রী আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, দেলোয়ার রিকশাভ্যান চালাতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একই গ্রামের এক ব্যক্তি তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সকালে জানতে পারেন, গ্রামের কমপক্ষে ২০ জন মিলে ভারতে গরু আনতে গিয়েছিলেন। সেখানে রাত সাড়ে তিনটার দিকে বিএসএফের গুলিতে দেলোয়ারের মৃত্যু হয়। অন্যরা পালিয়ে আসেন। গ্রামবাসী সূত্র জানায়, গনিপুর গ্রামে ২০-২৫ জনের একটি চক্র আছে। চক্রটি ভারত থেকে চোরাইপথে গরু আনার জন্য এলাকার গরিব লোকজনকে সীমান্তের ওপারে পাঠায়। চক্রের সদস্যরা সীমান্তের এপারে থাকে। একটি গরু সীমান্ত পার করার বিনিময়ে ৫০০ থেকে ৭০০ টাকা দেওয়া হয়। গরু আনতে গিয়ে প্রায়ই বিএসএফের গুলিতে ওই চক্রের সহযোগীদের (রাখাল) প্রাণ দিতে হয়। ফুলবাড়ী ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান বিকেলে জানান, দেলোয়ারের লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে। সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধের চেষ্টা চলছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি না দিতে এলাকাবাসীর সঙ্গে শিগগিরই সচেতনতামূলক সভা করা হবে।