বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাত তিনটার দিকে ভারতের কালিয়াগঞ্জ থানার গৌরীপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তি হলেন পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের শরৎচন্দ্রের ছেলে গণেশ চন্দ্র রায় (২৫)।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৩৩৫ নং মেইন পিলারের ৪-৫ সাব-পিলারের মাঝামাঝি বৈরচুনা ইউনিয়নের নওডাঙ্গা-সিংহোর গ্রাম এলাকা দিয়ে সাত-আটজন বাংলাদেশি রোববার দিবাগত রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতের ভেতরে কালিয়াগঞ্জ থানার গৌরীপুর মধ্যপাড়া এলাকায় ঢুকে পড়েন। রাত তিনটার দিকে ভারতের গৌরীপুর মধ্যপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই গণেশ চন্দ্র রায় নিহত হন। গতকাল বিএসএফের তত্ত্বাবধানে ভারতের মাটিতে গণেশের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিজিবি বৈরচুনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা গতকাল সকালে বিজিবি সদস্যদের কাছে নিহত ব্যক্তির ছবি পাঠান। স্থানীয় মানুষ, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ছবি দেখে এবং খোঁজখবর নিয়ে গণেশের মরদেহ শনাক্ত করেন। চান্দেরহাট বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, মরদেহ ফেরতের বিষয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হওয়ার কথা।