বিএসএফের গুলিতে ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কাঠগিরি সীমান্তে গতকাল রোববার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ভারতীয় এক গরু ব্যবসায়ীও আহত হন।বাংলাদেশি ওই ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই পক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সীমান্তের ৯৮৩ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে দুই ব্যক্তি গরু পারাপার করছিলেন। এ সময় ভারতের বড় গাড়লঝাড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজনই গুরুতর আহত হন।আহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ীর গোড়ক মণ্ডল নয়াডাঙ্গা গ্রামের রাম বাবু দাস (৩৪) এবং ভারতের দিনহাটার দিগলদহ গ্রামের হাসানুজ্জামান (৩৫)। কুড়িগ্রামের আহত ব্যক্তিকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভূরুঙ্গামারী দিয়াডাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার আবুল কালাম জানান, সীমান্তে গুলির ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত (গতকাল সন্ধ্যা) এর জবাব মেলেনি।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার কবির বলেন, ‘সীমান্তের ওপারে ভারতের শালমারা নামক স্থানে বিএসএফ গুলি ছুড়লে ওই ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা গরু ব্যবসায়ী বলে জানা গেছে।’