বিএসএফের গুলিতে ভারতীয় নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এবার এক ভারতীয় গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গত সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের ওপারে দরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময় বাংলাদেশ সীমান্তের মধ্যে ঢুকে পড়ায় তিন ভারতীয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। স্থানীয় সূত্র জানায়, নিহত ভারতীয় ব্যবসায়ীর নাম মহিউদ্দিন (৩০)। আহত দুই ব্যক্তি হলেন সোহাগ হোসেন (২৫) ও মিলন হোসেন (২৬)। তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার দরকান্দা গ্রামে। বিজিবির হাতে আটক ভারতীয় ব্যক্তিরা হলেন: স্বরূপনগর থানার নয়তকাটি গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন, হাকিমপুর গ্রামের আবু জাফর) ও মালদাহ জেলার হরিচন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামের শাখায়েত উদ্দিন। আটক ভারতীয় ব্যক্তিরা জানান, তাঁরা ১০-১২ জন ব্যবসায়ী গরু নিয়ে ভারতের স্বরূপনগর থানার দরকান্দা সীমান্তে আসেন। গরু নিয়ে সীমান্তবর্তী নদী সোনাই পাড়ি দেওয়ার সময় দরকান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মহিউদ্দিন মারা যান। আত্মরক্ষার্থে তাঁরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, বিজিবি আটক তিন ভারতীয়কে গতকাল ভোরে থানায় সোপর্দ করেছে।