বিএসএফের গুলিতে শার্শায় বাংলাদেশি চার যুবক আহত
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চার বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও অপরজনকে শার্শার বাগআঁচড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে গুলির ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: অগ্রভুলোট গ্রামের আবদুল ওহাবের ছেলে রাজা, আবদুল কুদ্দুসের ছেলে শরিফ, রবিউল ইসলামের ছেলে আমির ও আকবর আলীর ছেলে শওকত আলী। শওকত আলী জানান, শনিবার সন্ধ্যায় তাঁরা চারজন একত্রে ভারতে গরু আনতে যান। মধ্যরাতে ফেরার পথে পশ্চিমবঙ্গের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তাঁরা আহত হন। অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসে তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফারুক হোসেন বলেন, ‘ওই চারজন ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। এতে তাঁরা সবাই আহত হন।’