বিএসএফের গুলিতে শিশুসহ চার বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গত রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। বালাহাট বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন৷ এ সময় আরও ছয়জনকে আটক করা হয়। তাঁরা সবাই একই পরিবারের৷ অবৈধ পথে ভারতে যাচ্ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের তাহেরপুর থানার সাহাগঞ্জ গ্রামের মৃত ঠাকুরধনের ছেলের বউ শিউলী রানী দাস (৪০), নাতি দেবল দাস (১৫), অজয় চন্দ্র দাস (১৯) ও নাতনি শ্রাবন্তী দাস (৩)৷ তাদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর আটক ব্যক্তিরা হলেন মৃত ঠাকুরধনের স্ত্রী পবিত্র রানী দাস (৬৫), তাঁর ছেলে রিন্টু চন্দ্র দাস (৪৫), রিন্টুর মেয়ে অন্তরা দাস (১২), ফাল্গুনী দাস (৮) ও স্বর্ণা দাস (৫) এবং রিন্টুর ভাইয়ের মেয়ে দোলন রানী দাস (১৫)। তাঁদের ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বালাহাট বিওপির নায়েক সুবেদার মকবুল হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে খালিশা কোটাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক পিলার নম্বর-৯৩৪/১এস-র পাশ দিয়ে পরিবারটির ১০ সদস্য ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতের ১২৪ বিএসএফের বসকোটাল সীমান্ত ফাঁিড়র জোয়ানেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে চারজন আহত হন। গুলির শব্দে কুড়িগ্রাম ৩৪ বিজিবির বালাহাট বিওপির জোয়ানেরা খালিসা কোটাল সীমােন্ত ছুটে যান। তাঁরা সেখান থেকে গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করেন৷ আটক করেন ছয়জনকে৷
আটক ব্যক্তিরা জানান, ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য তাঁরা দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে৷ আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।