বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোবারক হোসেন (৩৫) ও মঈনুল ইসলাম (৩৮) নামে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে একদল গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তের ৩৪৬ নম্বর পিলার এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় গরু আনতে যায়। সে সময় টহলে থাকা বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের বেলাল হোসেনের ছেলে মোবারক হোসেন ও একই ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের আবদুল ওহাবের ছেলে মঈনুল ইসলাম গুলিবিদ্ধ হন। মোবারককে বিএসএফের সদস্যরা আটক করে নিয়ে যান। মঈনুল আহত হলেও কোনোমতে ফিরে আসেন। পরে এলাকাবাসী তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রংপরে নেওয়া হয়।
আহত মোবারককে ফেরত চেয়ে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠায়। গতকাল দুপুর ১২টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । পতাকা বৈঠকে বিএসএফ জানায়, গুলিবিদ্ধ মোবারককে ভারতের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন বিএসএফের গুলিতে মোবারক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে মঈনুলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তাঁর জানা নেই বলে তিনি জানিয়েছেন।