বিএসএফের গুলির পর দুই বাংলাদেশি যুবক নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারপাড়া সীমান্তে গত সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকে নিখোঁজ আছেন দুই বাংলাদেশি যুবক। তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।
বিজিবি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে সীমান্তসংলগ্ন মোহাম্মদপুর ও ডাঙ্গেরপাড়া গ্রামের শিপন, মামুন ও আলিমসহ ১০-১২ জন গরু ব্যবসায়ী চল্লিশপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের লক্ষ্য করে পর পর ৮-১০টি গুলি ছোড়ে। এতে উপজেলার ডাঙ্গেরপাড়া গ্রামের মোহ আলীর ছেলে মামুন (২৫) ও কায়মদ্দিনের ছেলে আলিম (২৭) গুলিবিদ্ধ হন।