বিএসএফের তাড়া খেয়ে নদীতে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে পদ্মা নদীতে ডুবে বাবর আলী (৩২) নামের এক দিনমজুর মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইউসুফপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিএসএফ বাবরের লাশ নিয়ে যায়।বাবর নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি (নতুনপাড়া) গ্রামের হারান আলীর ছেলে।নিহত ব্যক্তির স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, তাঁর স্বামী, দেবর আনছার আলীর ছেলে তৌহিদ এবং একই এলাকার হায়দার, জইদুল ও ফজল দুই মাস আগে চোরাই পথে ভারতে যান। মঙ্গলবার বিকেলে চোরাই পথে বাড়ি ফেরার জন্য তাঁরা একটি নৌকায় ওঠেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের তাড়া করে। একপর্যায়ে আতঙ্কে সবাই নৌকা থেকে নদীতে লাফিয়ে পড়েন। এতে নদীতে ডুবে বাবর আলীর মৃত্যু হয়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফিরে নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় ব্যক্তিদের বিষয়টি জানান।নুরুন্নাহার বেগম আরও জানান, ঘটনাটি জানার পর তিনি রাজশাহীর সীমান্তবর্তী ইউসুফপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে যোগাযোগ করেছেন।বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। তারা বাবরের লাশ ময়নাতদন্তের জন্য সীমান্তবর্তী একটি থানায় নিয়ে গেছে। গতকাল দুপুরে বিজিবির ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার হোসেন আলী জানান, এখন আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তরের জন্য তাঁরা একটি চিঠি প্রস্তুত করছেন।