বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজুল হক জানিয়েছেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলদেশি নিহত হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া সীমান্তে পরিস্থিতির আর যেন অবনতি না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেছে বিএসএফ। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত পরিদর্শনকালে বিএসএফের মালদা সেক্টরের মহাপরিদর্শকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজিবির প্রধান। নিয়মিত সীমান্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে আসেন। আমাদের নিজস্ব প্রতিবেদক , ঝিনাইদহ জানান, জেলার মহেশপুর সীমান্ত থেকে গতকাল ভোরে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল মহেশপুরের কুসুমপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ৬১ নম্বর পিলারের কাছে গরু আনতে যায়। এ সময় সরিষাঘাটা গ্রামের মতিয়ার রহমান, তেঁতুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম ও জহুরুল ইসলাম এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শহিদুল ইসলামকে ধরে নিয়ে যান ফতেপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা।