বিএসএফের ধাওয়া, বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খাওয়ার পর হূদেরাগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি সীমান্তে গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান (৩৮)। তাঁর বাড়ি উপজেলার দর্জিপাড়া গ্রামে। বাবার নাম ইসারউদ্দিন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। গতকাল শনিবার মরদেহ দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, কামরুজ্জামান দীর্ঘদিন ধরেই সীমান্ত থেকে ভারতীয় গরু কিনে এনে বিক্রি করতেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কামরুজ্জামানসহ কয়েকজন গরু ব্যবসায়ী ময়নাগুড়ি সীমান্তের ৪২৫ নম্বর সীমান্ত পিলারের কাছে গরু আনতে যান। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই গরু ব্যবসায়ীরা ফিরে আসেন। ময়নাগুড়ি এলাকায় আসার পর মাটিতে লুটিয়ে পড়েন কামরুজ্জামান। সঙ্গীরা তাঁকে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ রায় জানান, কামরুজ্জামানের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি ধাওয়া খাওয়ার পর হূদেরাগে আক্রান্ত মারা যেতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বিজিবির ময়নাগুড়ি সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।