বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে পড়ে বাংলাদেশির মৃত্যু
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে নদীতে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম জাহাঙ্গীর আলম ওরফে আমবিলাস (৩০)। তাঁর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের নতুনবন্দর গ্রামে। তবে জাহাঙ্গীরের পরিবারের অভিযোগ, বিএসএফের সদস্যরা তাঁকে নির্যাতন করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেন।সদর থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণজোত পণ্ডিতপাড়া সীমান্তে যমুনা নদীর বাংলাদেশি এলাকা থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেছে।পুলিশ ও বিজিবি সূত্র জানায়, স্থানীয় লোকজন গতকাল সকালে নারায়ণজোত পণ্ডিতপাড়া সীমান্তে যমুনা নদীর বাংলাদেশি এলাকায় লাশটি দেখতে পেয়ে জয়ধরভাঙা বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি বিষয়টি পঞ্চগড় থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।স্থানীয় একটি সূত্র জানায়, জাহাঙ্গীরসহ কয়েকজন চোরাকারবারি গত বৃহস্পতিবার রাতে ভারত থেকে যমুনা নদীর সেতুর নিচ দিয়ে গরু নিয়ে আসছিল। এ সময় ভারতের ঝাকুয়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা সেতুর ওপর থেকে তাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও জাহাঙ্গীর ব্যর্থ হন।জাহাঙ্গীরের বাবা মো. শামিউল হক (৫৫) অভিযোগ করেন, ভারতীয় ঝাকুয়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁর ছেলেকে নির্যাতন করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেন।১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, জাহাঙ্গীর একজন চোরাকারবারি।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্তের পর জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।