বিএসএফের ধাওয়ায় নদীতে পড়ে যুবক নিখোঁজ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে নদীতে পড়ে শামীম হোসেন (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ সীমান্তে গত শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
শামীম ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও বাহিরমাদী গ্রামের কয়েকজন জানান, দৌলতপুর উপজেলার চরাঞ্চলের ছয় যুবক কয়েক মাস আগে অবৈধভাবে ভারতের কেরালা রাজ্যে দিনমজুরির কাজে যান। শুক্রবার তাঁরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার শিকারপুরের ভারল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় নিউ শিকারপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তাঁরা মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। পরে পাঁচজন সাঁতরে ধর্মদহ সীমান্তে উঠলেও শামীম পানিতে ডুবে যান। পরে বাংলাদেশি ভূখণ্ডের বিভিন্ন স্থানে শামীমের খোঁজ না পেয়ে বাড়িতে খবর দেওয়া হয়। গতকাল শনিবার সকাল পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
৩২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।