বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে গতকাল শনিবার বিএসএফের নির্যাতনে মো. বকুল উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ছাড়া নওগাঁ সীমান্ত থেকে আরও দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
নিহত বকুল উদ্দিনের বাড়ি দামুড়হুদার ফুলবাড়ি গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোররাতে বকুল কয়েক সঙ্গীকে নিয়ে গরু আনতে ঠাকুরপুর সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁদের ধাওয়া করেন। অন্যরা পালাতে সক্ষম হলেও বকুলকে ধরে ফেলে বিএসএফ। তাঁকে রড দিয়ে পিটিয়ে ও ‘বেয়নেট’ দিয়ে খুঁচিয়ে জখম করেন বিএসএফ সদস্যরা। পরে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ফুলবাড়ি গ্রামে নিজ বাড়িতে পৌঁছে দেন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে বকুল মারা যান।
গতকাল বিকেলে বকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী মুক্তি খাতুন এবং দুই শিশুসন্তান মাসুদ রানা (৬) ও সোহেল রানাকে (৩) ঘিরে স্বজনদের আহাজারি চলছে। ভিড় করেছেন গ্রামবাসী। কান্নায় ভেঙে পড়ে স্ত্রী মুক্তি খাতুন বলেন, বকুল কৃষি শ্রমিকের কাজ করেই সংসার চালাতেন। মাঝেমধ্যে কয়েকজনের সঙ্গে ভারত থেকে গরু এনে ব্যবসা করতেন।
স্থানীয় কুড়-লগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হাকিম বলেন, বিএসএফ সদস্যরা বকুলের হাত ও পায়ে রড দিয়ে এবং মাথায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে জখম করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিয়াউল হকও একই কথা বলেন।
চুয়াডাঙ্গা বিজিবির উপপরিচালক মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল ভোরে ধরে নিয়ে যাওয়া এ দুজন হলেন নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল হক (৩৮) ও ইসলামপুর গ্রামের মহুবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)।
বিজিবি ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নাইমুল ও জিয়াউরসহ ছয়-সাতজন গরু আনতে ওই সীমান্ত দিয়ে ভারতে যান। ভোর চারটার দিকে একই পথে তাঁরা গরু নিয়ে ফিরছিলেন। এ সময় ভারতের দক্ষিণ দিনাজপুর ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের তাড়া করেন। তখন অন্যরা পালিয়ে এলেও নাইমুল ও জিয়াউর বিএসএফের হাতে ধরা পড়েন।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুজনকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি।