বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গতকাল মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।নিহত যুবকের নাম এনারুল ইসলাম (২২)। বাড়ি উপজেলার শ্যামপুর-সাহাপাড়া গ্রামে। আহতরা হলেন, হোগলাপাড়া গ্রামের মুসলিম আলী (২৫) ও ভবানীপুর গ্রামের মংলা (২৪)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা মেজর আবু নাঈম প্রথম আলোকে জানান, ভোর পৌনে চারটার দিকে ভারত থেকে সীমান্তসংলগ্ন পদ্মা নদী দিয়ে এনারুলসহ কয়েকজন যুবক গরু আনছিলেন। একপর্যায়ে তিনজনকে আটক করে বিএসএফ। পরে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। এতে এনারুলের মৃত্যু হয়। পরে সহযোগীরা এনারুলের লাশ নিয়ে আসেন। তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। আগামীকাল (আজ) বুধবার সিংনগর সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ বলেন, এনারুলের মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, এনারুলকে বেয়নেট দিয়ে আঘাত করা হয়। এই ঘটনায় হত্যা মামলা হয়েছে।