বিএসএফের নির্যাতনে বাংলাদেশি ব্যবসায়ী গুরুতরআহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি একজন গরু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম বেলাল হোসেন (২৪)। তাঁর বাড়ি উপজেলার সাতকুড়ি গ্রামে। তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বেলাল বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সীমান্তপথে তিনিসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে যান। কিছুদূর যাওয়ার পর আগ্রা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এরপর তাঁকে ধরে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মারধরে তিনি অচেতন হয়ে পড়েন। তিনি মারা গেছেন মনে করে বিএসএফের সদস্যরা পরে তাঁকে সীমান্তের ২৮৮/৩-৪ সাব সীমানা পিলারের কাছে কাঁটাতারের বেড়া ঘেঁষে ফেলে চলে যান। বিএসএফের ধাওয়ায় অন্যরা আগেই পালিয়ে যান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খসরু সাব্বির আলী বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।