বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেয়োনেট ও বুটের আঘাতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেিশ নিহত হয়েছেন৷ গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷
নিহত সিরাজুল ইসলাম ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে৷ তাঁর ভাই আবদুল বারেক এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় হত্যা মামলা করেছেন৷
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজুলসহ কয়েকজন গরু আনতে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যান৷ রাতেই গরু নিয়ে ফিরছিলেন তাঁরা৷ সীমান্তের কাছাকাছি পেঁৗছানোর পর বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন৷ একপর্যায়ে সিরাজুলকে ধরে আংরাইল বিএসএফ ক্যাম্পে নিয়ে বেয়োনেট দিয়ে আঘাতসহ নানা নির্যাতন চালিয়ে ছেড়ে দেয়৷ সিরাজুল গুরুতর অবস্থায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসা নিতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন৷ প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় ভোর ছয়টার দিকে তিনি মারা যান৷ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়৷
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, বিএসএফের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে৷
হত্যার ঘটনায় বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে ভারতের ৪০ বিএসএফের কমান্ড্যান্টকে মৌখিক প্রতিবাদ জানান৷