বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ!
সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুদলী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জগদীশ গোস্বামী (৩৮) সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিষ্ণুপদ গোস্বামীর ছেলে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুশখালী সীমান্তের ৯ নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে জগদীশ গোস্বামীকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুশখালী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. ওয়াহিদুজ্জামান বলেন ধারণা করা, হচ্ছে জগদীশ অবৈধপথে ভারতে গেলে বিএসএফ তাঁকে আটক করে। নির্যাতনের পর তাঁকে সীমান্তের শূন্যরেখায় ফেলে যায় বিএসএফ। জগদীশের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে বলে তিনি জানান।
হাসপাতালে নেওয়ার আগে জগদীশকে প্রাথমিক চিকিৎসা দেন কুশখালীর পল্লি চিকিৎসক মেহেদী হাসান। তিনিও জানান, জগদীশের শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জাম হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জগদীশের মৃত্যু হয়েছে।
জগদীশ গোসাম্বীর বোন লিলি চক্রবর্তী অভিযোগ করে বলেন, তাঁর ভাই কিছুদিন ধরে পেটের ব্যথা ও স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার বিকেলে অবৈধপথে তিনি ভারতে যান। বিএসএফ তাঁকে দুই দিন ধরে আটকে রেখে নির্যাতন করেছে। এ কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আহসান হাবিব বলেন, কী কারণে ও কীভাবে জগদীশের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, নিহত জগদীশ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।